Friday, September 16, 2011

দুর্নীতির প্রমাণ পেলে কারও মন্ত্রিত্ব থাকবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোনো মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পেলে তাঁর মন্ত্রিত্ব থাকবে না।
আজ সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টামণ্ডলীর যৌথ সভার উদ্বোধনী ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ যৌথ সভা অনুষ্ঠিত হচ্ছে।


শেখ হাসিনা বলেন, ‘কোনো মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ থাকলে বক্তব্য, বিবৃতি বা মুখে না বলে তথ্যভিত্তিক প্রমাণ দিন। দুর্নীতি নিয়ে অনেকে অনেক কথা বলছেন। শুধু কথা না বলে কারও কাছে কারও বিরুদ্ধে দুর্নীতির কোনো তথ্যপ্রমাণ থাকলে তা তুলে ধরুন। কারও বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে তাঁর মন্ত্রিত্ব থাকবে না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বলা হচ্ছে তিস্তার পানি বণ্টন চুক্তি হয়নি। কিন্তু এটা নিয়ে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছি। চুক্তি না হলেও হতাশ হওয়ার কিছু নেই। চুক্তি হবে। এটা সময়ের ব্যাপার মাত্র। তবে এ ব্যাপারে কোনো সময়সীমা বেঁধে দেওয়া যায় না।’
শেখ হাসিনা বলেন, ‘রাস্তাঘাটের এ বেহাল অবস্থা হয়েছে দীর্ঘদিনের অযত্ম-অবহেলার কারণে। আমরা যখন ২০০১ সালে ক্ষমতা ছেড়ে যাই, তখন ভালো রেখে গিয়েছিলাম। এখন রাস্তাঘাট সেই অবস্থায় নেই। রাস্তার বেহাল অবস্থা মেরামতের জন্য এক হাজার ৪০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা গত আড়াই বছরে ২৬টি নতুন বিদ্যুেকন্দ্র স্থাপন করেছি। ২৮টির কাজ চলছে এবং ২৪টি প্রক্রিয়াধীন। গত আড়াই বছরে আমাদের সরকার দুই হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন করেছে। বিএনপি ও তত্ত্বাবধায়ক সরকার গত সাত বছরে এত বিদ্যুত্ উত্পাদন করতে পারেনি।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমরা কাজ করতে এসেছি। জনগণের সম্পদ আত্মসাত্ করতে আসিনি। আমাদের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা আছে। তাই আমরা কাজ করতে পেরেছি।’
সূত্র: প্রথমআলো.কম, ১৬.০৯.২০১১

No comments:

Post a Comment