Friday, September 16, 2011

দুর্নীতির গন্ধে নাক চেপে রাখাই দায়

বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেছেন, ‘দুর্নীতির গন্ধে এখন নাক চেপে রাখাই দায়, অথচ আপনি বলছেন দরখাস্ত না পেলে দুর্নীতির তদন্ত করবেন না।’

আজ শুক্রবার বিকল্প ধারার দপ্তর সম্পাদক ওয়াসিমুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বদরুদ্দোজা চৌধুরী এ কথা বলেন।
বি চৌধুরী বলেন, পদ্মা সেতুসংক্রান্ত কোনো দুর্নীতির অভিযোগ থাকলে সে ব্যাপারে প্রধানমন্ত্রীর কাছে লিখিত দরখাস্ত দিতে বলা হয়েছে। কিন্তু ইতিমধ্যে বিভিন্ন দাতা সংস্থা ও উইকিলিকসের ফাঁস হওয়া তথ্যে দুর্নীতির কথা প্রকাশিত হয়েছে। তিনি প্রশ্ন করেন, ‘এর পরও কি দরখাস্ত দেওয়ার প্রয়োজন আছে?’
সাবেক এই রাষ্ট্রপতি বলেন, পত্রিকায় প্রকাশিত হয়েছে, শুধু দলীয় বিবেচনায় বেশ কয়েকটি নতুন ব্যাংকের অনুমোদন দেওয়া হবে। তিনি প্রশ্ন করেন, ‘দলীয় বিবেচনায় তা দেওয়া হলে কি দুর্নীতি হবে না?’
বি চৌধুরী প্রধানমন্ত্রীকে সতর্ক করে দিয়ে বলেন, রাষ্ট্র পরিচালনার সার্বিক দায় প্রধানমন্ত্রীর ওপর বর্তাবে। মন্ত্রীদের কথা কেউ মনে রাখবে না। ইতিহাসে লেখা থাকবে শেখ হাসিনার সরকার ব্যর্থ হয়েছে।

No comments:

Post a Comment