আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং যোগাযোগ ও রেলপথমন্ত্রী ওবায়দুল কাদের রাজনীতিতে সৌজন্যবোধকে বিরল প্রাণীর সঙ্গে তুলনা করে বলেছেন, “বিরল প্রজাতির প্রাণীর মতোই আজ আমাদের রাজনীতি থেকে সৌজন্যবোধ হারিয়ে যাচ্ছে।”
শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও সাবেক ছাত্রলীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিন এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, “আজ আমাদের দেশে রাজনীতি থেকে সৌজন্যবোধ নির্বাসনে চলে গেছে। বিরল প্রজাতির প্রাণীর মতো তা হারিয়ে গেছে। আমাদেরকে রাজনীতিতে আদর্শ ও মূল্যবোধ ফিরিয়ে আনতে হবে। কারণ আমাদের রাজনীতি জনগণকে ঘিরে।”
হরতালে গাড়িতে আগুন দিয়ে ঘুমন্ত গাড়ি চালককে পুড়িয়ে মারা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, “কোন নেতা কোথায় আহত হয়েছেন আজ তা নিয়ে সবাই হইচই শুরু করে দিয়েছে। কিন্তু গাড়িতে আগুন দিয়ে যে একজন ঘুমন্ত মানুষকে হত্যা করা হলো তা নিয়ে কারো কোনো কথা নেই।”
তিনি বলেন, “যারা গাড়িতে আগুন দিয়ে তাকে হত্যা করেছে তারা কি তার স্ত্রীর আর্তনাদ দেখেছে, দেখেছে কি তার শিশু সন্তানের কান্না।”
কথায় কথায় গাড়ি ভাঙচুর কাম্য নয় মন্তব্য করে যোগাযোগ ও রেলমন্ত্রী বলেন, “একটা দুর্ঘটনা জন্য একশ’ গাড়ি ভাঙতে হবে কেন? যে গাড়ি দুর্ঘটনা ঘটিয়েছে সেই গাড়ি এবং সেই গাড়ির চালকের শাস্তি হতে পারে। কিন্তু আমরা এখন দেখি একটা দুর্ঘটনা ঘটলেই সবাই রাস্তায় নেমে গাড়ি ভাঙচুর শুরু করেছে। এটা ঠিক নয়।”
আগামী কয়েক মাসের মধ্যেই রেলওয়েতে ১১ হাজার লোক নিয়োগ করা হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “এটা দেশের বেকার তরুণদের জন্য ভালো সংবাদ। রেলওয়েতে জনবল সংকট আছে। এই কারণেই রেলে অতিদ্রুত লোক নিয়োগ করা হবে। কিছু দিনের মধ্যই পত্রিকায় এ নিয়োগের ব্যাপারে বিজ্ঞপ্তি দেয়া হবে।”
‘পদ্মা সেতু আমাদের দুয়ারে কড়া নাড়ছে’ উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, “আমি যে সময় দিয়েছি সেই সময়ের মধ্যই পদ্মা সেতু হবে।”
‘পদ্মা সেতু নিয়ে অনেকে অনেক কথা বলছেন। কেউ বলছেন হবে না। আবার কেউ বলছেন মাঝপথে গিয়ে থেমে যাবে’ সমালোচকদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, “একটা শিশু জন্ম নেবার আগেই আপনারা বলতে শুরু করেছে শিশুটি কানা হবে, কেউ বলছেন শিশুটি পঙ্গু হবে। শিশু তো এখন ভূমিষ্টই হয়নি।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও সমুদ্র বিজয় উপলক্ষে তাকে গণ-ছাত্র সংবর্ধনা দেবার প্রস্তুতিস্বরূপ এই মতবিনিময় সভার আয়োজন করে বাংলাদেশে ছাত্রলীগ।
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও খালিদ মাহমুদ চৌধুরী এমপি, সংসদ সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দি প্রমুখ বক্তব্য দেন।
নিউজ সোর্স b24 ,ঢাকা, ২৭ এপ্রিল
No comments:
Post a Comment