Saturday, March 10, 2012

খালেদা কত অশান্তি করবেন তা নিয়েই চিন্তা

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দলের নেতা খালেদা জিয়ার কথা ও কাজে মিল নেই। তাঁর ছোবল যে কত মারাত্মক, তা ২০০১ সালের নির্বাচনের পরে টের পেয়েছি। উনি শান্তিপূর্ণভাবে অবস্থান ধর্মঘট করবেন বলছেন, কিন্তু তিনি যে কত অশান্তি করবেন তা নিয়েই আমার চিন্তা। 

আজ শনিবার গণভবনে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় শেখ হাসিনা এসব কথা বলেন। 
শেখ হাসিনা বলেন, মানুষের জান-মালের নিরাপত্তা নিয়ে সরকার শঙ্কিত। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে বেশ কয়েকটি স্থানীয় নির্বাচন হয়েছে। এর একটাতেও কোনো গণ্ডগোল হয়নি। স্থানীয় সব নির্বাচনই শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, তিনি অনেক সামরিক কর্মকর্তাকে হত্যা করেছেন। স্বাধীনতা যুদ্ধেও এত সামরিক কর্মকর্তা নিহত হয়নি। শেখ হাসিনা অভিযোগ করেন, জিয়াউর রহমান সেনাবাহিনী ও বিমানবাহিনীর দুই হাজার কর্মকর্তাকে হত্যা করেছেন। 
মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী আরও বলেন, বিরোধী দলের নেতা এখন তত্ত্বাবধায়ক সরকার চান। কিন্তু একসময় তিনি এর বিরোধিতা করেছেন। তখন তিনি বলেছেন, পাগল বা শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়। এখন সে রকম কোনো পাগল বা শিশু পেয়েছেন কি না, তা জানেন না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
মতবিনিময় সভায় আওয়ামী লীগের নেত্রী সৈয়দা সাজেদা চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, আবদুল লতিফ সিদ্দিকী, মাহবুব উল আলম হানিফ, আহমদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সূত্র: প্রথমআলো.কম, ১০/০৩/২০১২

No comments:

Post a Comment