Sunday, March 25, 2012

সিলেটে ছাত্রলীগ নেতাকে হত্যা

সিলেটের কীন ব্রিজ থেকে ছুড়ে ফেলে ছাত্রলীগ নেতাকে হত্যা করা হয়েছে। ছুড়ে ফেলার পরপর প্রায় ৩০ ফুট নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান ওই নেতা। গতকাল বিকাল ৩টার দিকে প্রকাশ্যে এ ঘটনা ঘটিয়ে হত্যাকারীরা ব্রিজের ওপর দিয়ে পালিয়ে যায়। নিহত ছাত্রলীগ নেতার নাম আলফু মিয়া হাসান (২৬)।
সে মহানগর ছাত্রলীগের সদস্য ও মহানগরের সভাপতি রাহাত তরফদার গ্রুপের নেতা। সিলেট নগরীর বাগবাড়ি আবাসিক এলাকার ৫নং বাসার হাজী খালিক মিয়ার ছেলে সে। ছাত্রলীগ নেতারা জানান, আলফু মিয়া হাসান তার ব্যক্তিগত কাজে মোটরসাইকেল নিয়ে কীন ব্রিজ এলাকা পাড়ি দিয়ে ভার্থখলা এলাকায় যান। কীন ব্রিজের দক্ষিণ পাশের যাওয়ার পর ৪-৫ জন যুবক তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় ওই যুবকদের সঙ্গে হাসানের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ওই যুবকরা তাকে মারধর করলেও হাসান মোটরসাইলে রেখে কীন ব্রিজের উত্তর দিকে দৌড়াতে থাকে। ব্রিজের উত্তর পাশের ঢালু স্থানে আসার পরপরই যুবকরা তার গতিরোধ করে। এ সময় তারা হাসানের হাত ও পায়ে ধরে ব্রিজের নিচে ছুড়ে ফেলে দেয়। প্রায় ৩০ ফুট নিচে থাকা পাথরের ওপর পড়ে থেঁতলে যায় হাসানের শরীর। আশপাশের মানুষজন তাকে মুমূর্ষু অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি রাহাত তরফদার গতকাল সন্ধ্যায় মানবজমিনকে জানিয়েছেন, পূর্বশত্রুতার জের ধরে হাসানকে খুন করা হতে পারে। তাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হতে পারে।
এদিকে কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান মানবজমিনকে জানিয়েছেন, কি কারণে খুন হয়েছে সে বিষয়টি এখনও পরিষ্কার নয়। ঘটনার পর লিমন ও বাতির নামে দু’জনকে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আটক করা হয়েছে। অপর একটি সূত্র জানিয়েছে, সিলেটের দক্ষিণ সুরমার কুচাই এলাকার লিমন ও বাতির নামের দু’জন একটি ব্যাংক থেকে সাড়ে ৩ লাখ টাকা তুলে বাড়ি ফিরছিলেন। নগরীর কীন ব্রিজে পৌঁছামাত্র পালসার মোটরসাইকেলে আসা ২ ছিনতাইকারী তাদের রিকশার গতিরোধ করে অস্ত্র দেখিয়ে লিমনের কাছ থেকে ২ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে বাতিরের কাছ থেকে আরও দেড় লাখ টাকা ছিনিয়ে নিতে চাইলে উভয়পক্ষে ধস্তাধস্তি হয়। এ সময় হাসান কীন ব্রিজ থেকে নিচে পড়ে মারা যায়। অবস্থা বেগতিক দেখে অপর ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে লিমন ও বাতির আহত হলে তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

সূত্র: মানবজমিন.কম, 26/03/2012

No comments:

Post a Comment