ঢাকাকে দুই ভাগের প্রস্তাবের পক্ষে যুক্তি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আসলে বাংলা একাডেমি ও ঢাকা গেট পর্যন্ত ঢাকা শহর ছিল। সেটা বাড়তে বাড়তে উত্তরা পর্যন্ত গেছে। উত্তরার মানুষও বলেন, ঢাকায় যাচ্ছি। আর গুলশান তো গ্রাম ছিল। জনসংখ্যা বাড়ছে। ঠিকমতো জনসেবা দেওয়া যাচ্ছিল না। তাই মূল ঢাকা ও বর্ধিত অংশকে নিয়ে দুটি পৃথক সিটি করপোরেশন করার প্রস্তাব-সংবলিত বিল সংসদে উত্থাপন করা হয়েছে।’
আজ রোববার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র সেলিনা হায়াত্ আইভী ও ৩৬ জন কাউন্সিল শপথ নেন। শপথ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
সেলিনা হায়াত্ আইভীকে শপথ পড়ান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ২৭ জন সরাসরি নির্বাচিত এবং ৯ জন সংরক্ষিত আসনের কাউন্সিলরকে শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
প্রধানমন্ত্রী মেয়র ও কাউন্সিলরদের জনসেবা করে যাওয়ার আহ্বান জানান। এ ব্যাপারে সরকার সব রকম সহায়তা করবে বলেও তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘এ দেশের প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেতা, সংসদ উপনেতা নারী; নারী হিসেবে নারায়ণগঞ্জের মেয়র তাই স্পেশাল অ্যাটেনশন পাবেন।’
এরপর প্রধানমন্ত্রী মেয়র ও কাউন্সিলরদের চা-চক্রে আপ্যায়ন করেন।
পরে মেয়র আইভী সাংবাদিকদের বলেন, আজকের শপথ গ্রহণের মাধ্যমে জনগণের বিজয় পূর্ণতা পেল। তিনি জনগণের কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী এ ব্যাপারে তাঁকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে তিনি জানান।
সূত্র: প্রথমআলো, 27/11/2011
No comments:
Post a Comment