মতিঝিলে ঘরোয়া হোটেলের সামনে সকাল সাড়ে নয়টার দিকে আকস্মিক ককটেল হামলায় আরিফুজ্জামান (২৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ এ পর্যন্ত দুজনকে আটক করেছে।
মতিঝিলে একজনের মৃত্যু: মতিঝিলে ককটেল বিস্ফোরণের সময় উপস্থিত মতিঝিল থানা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) বজলুল রশীদ প্রথম আলোকে বলেন, ককটেল হামলায় একজনের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
পরে নিহতের পকেটে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে পুলিশ জানতে পারে তাঁর নাম আরিফুজ্জামান। তাঁর বাবার নাম জয়নাল আবেদিন। বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জে।
নিহতের পকেটে পাওয়া একটি ভিজিটিং কার্ডের নম্বরে ফোন দেওয়া হলে এক নারী নিজেকে আরিফুরের বোন বলে পরিচয় দেন। তিনি জানান, আরিফুর উত্তর বাড্ডায় থাকতেন।
ককটেল হামলায় আহত দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা নিতে যান। সেখান থেকে পুলিশ একজনকে গ্রেপ্তার করে।
বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ: রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগের প্রধান অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাসুদুর রহমান প্রথম আলোকে বলেন, আজ সকাল সাড়ে ছয়টা থেকে জামায়াত ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা রাজধানীর মতিঝিল, বিজয়নগর, ফকিরের পুল, কারওয়ান বাজার, প্রেসক্লাবসহ বিভিন্ন এলাকায় খণ্ড খণ্ড দলে আকস্মিক হামলা চালান। এ সময় তাঁরা গাড়ি ভাঙচুর, গাড়িতে আগুন ও ককটেল বিস্ফোরণ করে জনমনে আতঙ্ক তৈরি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন এলাকায় প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
মতিঝিল ছাড়াও শাহবাগে পিজি হাসপাতালের সামনে একটি, রূপসী বাংলা হোটেলের সামনে একটি এবং এর একটু দূরে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলাকারীরা জামায়াত-শিবিরকর্মী। এ সময় তারা দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেয়। হামলা চালিয়ে কিছুক্ষণ পরই তারা এলাকা ছেড়ে চলে যায়।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দায়িত্বরত আনসারের ইনচার্জ আবু বকর প্রথম আলোকে বলেন, বেলা ১১টার দিকে শাহবাগে পিজি হাসপাতালের সামনে কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তাঁরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছেন।
বিএনপি অফিসের সামনে ককটেল বিস্ফোরণ: দুপুর ১২টার দিকে কে বা কারা নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পাঁচটি ককটেল নিক্ষেপ করে। বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি ও এটিএন বাংলার গাড়িতে ককটেল পড়ে। এতে আরটিভির গাড়ির চালক আইয়ুব আলী আহত হন।
চার গাড়ি পুড়েছে: রাজধানীর ফার্মগেটের কাছে এটিএন নিউজের কার্যালয়ের সামনে একটি, মতিঝিলে শিল্প ব্যাংকের সামনে একটি, শান্তিনগরে কনকর্ড টাওয়ারের সামনে একটি এবং কাকরাইলে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় জামায়াত-শিবিরের কর্মীরা।
সূত্র: প্রথমআলো.কম, ১৮/১২/২০১১
No comments:
Post a Comment