সরকার বাকশালী কায়দায় দেশ শাসন করার মানসে বিরোধীদলের রাজনৈতিক নেতাদের নিধনে এক মহাপরিকল্পনা প্রণয়ন করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান। আর এই পরিকল্পনার অংশ হিসেবেই দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ ১০৮ জনের নামে বানোয়াট মামলা দেয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় দলের নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
মইন খান বলেন, ‘‘সরকারের নির্মমতার শিকার সময়ের সাহসী সন্তান এম ইলিয়াস আলীকে জনসমক্ষে হাজির করার দাবিতে বিএনপিসহ ১৮ দলীয় জোট আহূত গত ২৯ ও ৩০ এপ্রিল হরতাল পালন করা হয়। ওই দিন হরতাল শেষে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে কাকরাইল মোড় থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে। আমি এ ঘটনায় দলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার মুক্তি দাবি করছি।’’
তিনি বলেন, ‘‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আরোহণের পর থেকেই বিরোধী দল তথা বিএনপি নেতা-কর্মীদের নিশ্চিহ্ন করার জন্যই ধারাবাহিকভাবে হত্যা, গুম, অপহরণ, গ্রেফতার সহ মিথ্যা মামলা দায়ের অব্যাহত রেখেছে। এরই অংশ হিসেবে হিংসাশ্রয়ী আওয়ামী সরকার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, রাজনীতিতে ক্লিন ইমেজের সজ্জন ব্যক্তিত্ব সাবেক মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা করেছে।’’
তিনি বলেন, বর্তমান আওয়ামী সরকারের অব্যাহত গণবিরোধী কর্মকাণ্ডের ফলে গোটা দেশ আজ বিক্ষোভে উত্তাল। দেশের মানুষ জনবিচ্ছিন্ন সরকারের অপশাসনের নাগপাশ থেকে মুক্তির প্রতীক্ষায় প্রহর গুণছে। সরকারের বিরুদ্ধে গণবিপ্লব আজ অত্যাসন্ন। অনিবার্য গণরোষের হাত থেকে বাঁচতে সরকার কূটকৌশল এঁটেছে। তাই সরকারের নীল-নকশা বাস্তবায়ন করতেই সচিবালয়ে ‘বোমা হামলা নাটক’ মঞ্চস্থ করেছে। একটি স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ স্থান যেটি সবসময় নিশ্চিদ্র নিরাপত্তা চাদরে ঢাকা থাকে সেখানে কিভাবে বোমা নিক্ষিপ্ত হলো তার সত্য উৎঘাটন করতে হবে। আমরা মনে করি, সরকারই এ ধরনের দুর্বৃত্তমূলক কর্মকাণ্ডের অবতারণা করে বিরোধীদল ও মতকে দমন করতেই বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতাদের নামে মিথ্যা মামলা করেছে।’’
তিনি অভিযোগ করেন, মঙ্গলবার জজকোর্টে বিএনপির যুগ্ম মহাসচিব রিজভীকে হাজির করা হলে সেখানে উপস্থিত বিএনপি নেতা-কর্মীদের ওপর পুলিশ লাঠিচার্জ করে ২৫ জনের অধিক নেতা-কর্মীকে সম্পূর্ণ অন্যায় ও বেআইনীভাবে গ্রেফতার করেছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহীন, এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।
ঢাকা, ১ মে: bdnews24.com
No comments:
Post a Comment