Friday, May 4, 2012

অনেক কিছু জানলেও বলতে পারি না: কামরুল



আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, “ইলিয়াস আলী গুমসহ দেশের সার্বিক পরিস্থিতিতে ষড়যন্ত্রের বিষয়ে অনেক কিছু জানলেও দায়িত্বে থেকে সব বলতে পারি না।”


শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় আরেক বক্তার বক্তব্যের জবাবে তিনি একথা বলেন।

‘যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে বিএনপি-জামায়াতের হরতাল-নৈরাজ্য ও দেশী-বিদেশী ষড়যন্ত্র’ শীর্ষক সভার আয়োজন করে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ নামের একটি সংগঠন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হুমায়ুন কবির।

সভায় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেন, “ইলিয়াস আলী গুমের ঘটনায় সরকার ও বিরোধীদল একে অপরকে দোষারোপ করছে। অথচ জামায়াতও যে এসব ষড়যন্ত্রে জড়িত সেটি কেউ বলছে না।”

এর জবাবে শাহরিয়ার কবিরের উদ্দেশে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “আপনারা যেভাবে সব খোলাখুলি বলতে পারেন, সেভাবে আমরা অনেক কিছু অবগত থাকলেও বলতে পারি না।”

কামরুল ইসলাম বলেন, “ইলিয়াস আলী গুমের ঘটনাসহ দেশের সার্বিক পরিস্থিতিতে সরকার সঠিক পথে এগুচ্ছে। ইলিয়াসের স্ত্রীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্বস্ত করেছেন।”

তিনি বলেন, “ইলিয়াসের ব্যাপারে সবাই দরদ দেখালেও বদর উদ্দিনসহ হরতালে নিহতদের ব্যাপারে কেউ কিছু বলছে না।”

বিএনপির যতো বড়ই নেতা হোক তাদের অপরাধের শাস্তি পেতে হবে বলেও মন্তব্য করেন কামরুল।

সরকার বিএনপির আচরণে বাধ্য হয়েই হার্ডলাইনে গেছে বলে জানান কামরুল ইসলাম।

সভায় ক্যাপ্টেন অব. এবিএম তাজুল ইসলামসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা বক্তৃতা করেন।
ঢাকা, ৪ মে:  নিউজ সোর্স b24

No comments:

Post a Comment