Monday, July 11, 2011

প্রধানমন্ত্রীর বক্তব্য ধৃষ্টতাপূর্ণ: জামায়াত

বিরোধী দল হরতালের মধ্যে আল্লাহকে খুঁজছে—প্রধানমন্ত্রীর এ বক্তব্যকে ধৃষ্টতাপূর্ণ এবং আল্লাহর সঙ্গে তামাশা করার শামিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম। আজ দুপুরে বড় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

গতকাল রোববার ছাত্রলীগের জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মভিত্তিক দল ও সংগঠনগুলোর হরতাল প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, ‘বিসমিল্লাহির রাহমানির রহিমের মধ্যে তারা আল্লাহকে খুঁজে পাচ্ছে না। হরতালের মধ্যে কি আল্লাহকে পেয়েছে?’
এ টি এম আজহারুল ইসলাম বলেন, সংশোধিত সংবিধানে বিসমিল্লাহ ও রাষ্ট্রধর্ম রাখা হয়েছে ঠিকই। কিন্তু বিসমিল্লাহর অনুবাদ করা হয়েছে বিকৃতভাবে। আবার আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কথাটি বাদ দিয়ে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র সংযোজন করা হয়েছে। এটা হচ্ছে ইসলামের গোড়া কেটে ধর্মহীনতা চালু করা।
৯ জুলাই পুরান ঢাকার একটি স্কুল থেকে দলের সমর্থক নয়জন শিক্ষক ও মোহাম্মদপুরে আরেকটি প্রতিষ্ঠান থেকে ছাত্রশিবিরের ২৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে ওই সংবাদ সম্মেলন ডাকা হয়। তাঁদের নিঃশর্ত মুক্তির দাবিতে ১২ জুলাই বিভাগীয় শহরগুলোতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ১১-০৭-২০১১
সূত্র:প্রথম আলো

No comments:

Post a Comment