Friday, July 15, 2011

আল্লাহ হাসিনাকেও আমার মতো গৃহবন্দি করে রাখো - আমিনী

ইসলামী আইন বাস্তবায়ন কমিটির আমির মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, সংশোধিত সংবিধানকে ছুড়ে ফেলে দেয়া নয়, ডাস্টবিনে ফেলতে হবে।
গতকাল সকালে লালবাগের জামেয়া আরাবিয়া কোরানিয়া মাদ্রাসায় দলের এক আলোচনা সভায় তিনি একথা বলেন।


গত বুধবার সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছিলেন, ‘ভবিষ্যতে জনগণের সরকার ক্ষমতায় এলে এই সংবিধান ছুড়ে ফেলে দেয়া হবে। কেননা, এটা কোনো সংবিধান নয়, এটা আওয়ামী লীগের দলীয় ইশতেহার।’
ফজলুল হক আমিনী গতকাল ওই বক্তব্যের জন্য খালেদা জিয়াকে ধন্যবাদ জানান। সংবিধান থেকে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ কথাটি তুলে দেয়া, আমিনীকে গৃহবন্দি করে রাখা এবং বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতনের প্রতিবাদে এ আলোচনা সভা করা হয়। আমিনী শপথ করে বলেন, ‘শেখ হাসিনা সংবিধানকে আল্লাহশূন্য করেছেন, আল্লাহও শেখ হাসিনাকে ক্ষমতাশূন্য করবেন।’
তিনি আল্লাহর কাছে মোনাজাত করে বলেন, ‘শেখ হাসিনা আমাকে অন্যায়ভাবে গৃহবন্দি করে রেখেছেন, আল্লাহ তুমিও শেখ হাসিনাকে সেভাবে গৃহবন্দি করো।’
মুফতি আমিনী অভিযোগ করে আসছেন, পুলিশ তাকে বাসা ও মাদ্রাসার বাইরে যেতে দিচ্ছে না।
আলোচনা সভায় মুফতি আমিনী বলেন, ‘যেদিন থেকে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনের ঘোষণা আসবে সেদিন থেকেই লাগাতার হরতাল কর্মসূচি দেয়া হবে।’ তিনি এই ইস্যুতে খালেদা জিয়াকে আলোচনায় না বসার আহ্বান জানিয়ে বলেন, ‘আলোচনায় বসলে এটা ভুল হবে।’
আলোচনা সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতা মুফতি সৈয়দ মো. তৈয়ব, আবদুল করিম, মুফতি ফয়েজ উল্লাহ, নোমান মাজহারী প্রমুখ বক্তব্য রাখেন।


সূত্র:আমারদেশ, ১৫/০৭/২০১১

No comments:

Post a Comment