ক্ষমতায় গিয়ে সংবিধান ছুড়ে ফেলে দেওয়া খালেদা জিয়ার পক্ষেই সম্ভব। কারণ তাঁদের জন্ম স্বৈরশাসকের হাত ধরে, অসাংবিধানিকভাবে। জন্ম অসাংবিধানিকভাবে হলে সংবিধান তো ছুড়ে ফেলবেনই। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে সহযোগী সংগঠনের নেতাদের বৈঠকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এ কথা বলেন। সভায় ১৫ আগস্ট উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি চূড়ান্ত করা হয়।
হানিফ বলেন, সংবিধান রাষ্ট্রপরিচালনার পবিত্র দলিল। জনগণের মৌলিক অধিকারের রক্ষাকবচ। তাই খালেদা জিয়াকে তাঁর এ বক্তব্যের জন্য জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।
গতকাল বুধবার বিএনপি আয়োজিত গণ-অনশন কর্মসূচিতে খালেদা জিয়া বলেন, ‘আমরা ক্ষমতায় গেলে এ সংবিধান ছুড়ে ফেলে দেব।’
বিএনপি আর হরতাল, ধর্মঘটের মতো কোনো কর্মসূচি দেবে না বলে খালেদা জিয়ার দেওয়া প্রতিশ্রুতিকে সাধুবাদ জানিয়ে হানিফ বলেন, এ বক্তব্যের মাধ্যমে হরতালের নামে দেশে যে হত্যা, নৈরাজ্য, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে এবং তার জন্য তাঁরাই দায়ী—খালেদা জিয়া তা স্বীকার করে নিয়েছেন।
১৫ আগস্ট উপলক্ষে কর্মসূচি: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো। কর্মসূচির মধ্যে আছে আলোচনা সভা, রক্তদান কর্মসূচি, আলোর মিছিল, আলোকচিত্র প্রদর্শনী, শোক মিছিল প্রভৃতি।
যৌথ বৈঠকে চূড়ান্ত করা কর্মসূচি অনুযায়ী, ১ আগস্ট কৃষক লীগের রক্তদান কর্মসূচির মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি শুরু হবে। তবে ৩১ জুলাইয়ের প্রথম প্রহরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ধানমন্ডির ৩২ নম্বর সড়ক ধরে আলোর মিছিল হবে।
যৌথ সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বি এম মোজাম্মেল হক, যুগ্ম সম্পাদক আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment