Thursday, August 11, 2011

প্রভাবশালী নারী নেতার তালিকায় সপ্তম স্থানে শেখ হাসিনা




বিশ্বের প্রভাবশালী নারী সরকার ও রাষ্ট্রপ্রধানদের তালিকায় স্থান করে নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিখ্যাত টাইম সাময়িকীর এই তালিকায় সপ্তম স্থানে আছেন তিনি। প্রথম স্থানে আছেন থাইল্যান্ডের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা।

গতকাল বৃহস্পতিবার ক্ষমতাধর নারী ও রাষ্ট্রপ্রধানদের ১২ জনের তালিকা প্রকাশ করেছে টাইম। এতে ইংলাকের পরে রয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, তৃতীয় অবস্থানে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ কির্চনার, চতুর্থ ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ, পঞ্চম অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড ও ষষ্ঠ অবস্থানে লাইবেরিয়ার প্রেসিডেন্ট অ্যালেন জনসন সারলিফ।
শেখ হাসিনার পর অষ্টম অবস্থানে আছেন আইসল্যান্ডের প্রধানমন্ত্রী জোহান্না সিগার্ডারডট্টির, নবম কোস্টারিকার প্রেসিডেন্ট লরা ছিনছিল্লা, দশম ফিনল্যান্ডের প্রেসিডেন্ট তারজা হ্যালোনেন, একাদশ লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট ডালিয়া গ্রিবাউস্কাইত এবং দ্বাদশ অবস্থানে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর প্রধানমন্ত্রী কমলা পরসাদ বিসেসার।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে টাইম লিখেছে, ৬৩ বছর বয়সী এই নেত্রী মধ্য-বামপন্থী আওয়ামী লীগের প্রধান। তিনি কয়েকবার প্রাণে বেঁচে গেছেন। ১৯৭৫ সালে অভ্যুত্থানে তাঁর বাবা সাবেক প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান, মা এবং তিন ভাইসহ পরিবারের ১৭ সদস্য নিহত হন। ২৮ বছর বয়সী শেখ হাসিনা তখন দেশের বাইরে ছিলেন। এর পরে তিনি বেঁচে যান গ্রেনেড হামলা থেকে। ওই হামলায় নিহত হয়েছিলেন ২০ জন। হাসিনা প্রথম প্রধানমন্ত্রী হন ১৯৯৬ সালে। এরপর ২০০১ সালে বাংলাদেশকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে অভিহিত করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এবং নির্বাচনে চরম পরাজয় ঘটে শেখ হাসিনার। তবে এটাই শেষ নয়। আবার নির্বাচনে পার্লামেন্টের ৩০০ আসনের মধ্যে ২৩০টি আসনে জয়ী হয় আওয়ামী লীগ। ২০০৯ সালের জানুয়ারিতে আবার প্রধানমন্ত্রী হন শেখ হাসিনা। টাইম।

From: ProthomAlo.12/08/2011

No comments:

Post a Comment