Saturday, August 20, 2011

বাংলাদেশের মানচিত্র পাল্টাবে কি না, এখনই বলা যাচ্ছে না

ভারতের সঙ্গে ছিটমহল ও অপদখলীয় জমি বিনিময় হলে বাংলাদেশের আয়তন ও মানচিত্র পাল্টে যাবে কি না, তা এখনই বলা যাচ্ছে না। এসব ভূমির চূড়ান্ত বিনিময় শেষে এ বিষয়টি নিয়ে নিশ্চিত করে মন্তব্য করা যাবে।
পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস আজ শনিবার দুপুরে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।


ভূমি বিনিময় হলে মানচিত্র বদলে যাবে কি না, জানতে চাইলে পররাষ্ট্রসচিব এ কথা বলেন। সম্প্রতি লাতিন আমেরিকার দেশগুলোতে তথ্যানুসন্ধানী মিশনের ফলাফল জানাতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পররাষ্ট্রসচিব বলেন, ‘এ বিষয়গুলো নিয়ে সরাসরি মন্তব্য করার মতো সময় এখনো আসেনি। অপদখলীয় জমি ও ছিটমহল-বিনিময়ের ওপর নির্ভর করছে মানচিত্র ও আয়তন পরিবর্তনের বিষয়টি।’
ছিটমহল-বিনিময় প্রসঙ্গে পররাষ্ট্রসচিব বলেন, ‘মানুষের বসতি ঠিক রেখে যদি সীমানারেখা দিতে হয়, তবে হয়তো সীমানারেখাও পরিবর্তন করতে হবে। আবার যদি এমন হয়, প্রচলিত সীমান্তরেখা ঠিক রেখে মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে, তবে হয়তো আগের সীমানাই থাকবে।’
মিজারুল কায়েস বলেন, সীমান্তরেখা যদি পরিবর্তন করার প্রশ্ন আসে, তবে চুয়াত্তরের স্থলসীমান্ত চিহ্নিতকরণ চুক্তিতে পরিবর্তন আনার প্রয়োজন আছে। সেটি সময়সাপেক্ষ ব্যাপার।
ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়কে বাদ দিয়ে প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টা কাজ করছেন। এর মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মদক্ষতা কমে যাওয়ায় সরকারকে বিকল্প পথ খুঁজে নিতে হচ্ছে—এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘ভারতসহ সব দেশের সঙ্গে সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মত নিয়ে কাজ করে থাকে। ভারতের ক্ষেত্রে তার ব্যত্যয় হচ্ছে না। আর আমাদের সৌভাগ্য কয়েকজন সুযোগ্য ব্যক্তিত্বকে আমরা প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে পেয়েছি। দুই দেশের সম্পর্কোন্নয়নের জন্য তাঁদের কাজে লাগানো হচ্ছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির নেতৃত্বে দায়িত্ব পালন করছে।’
মিজারুল কায়েস বলেন, ট্রানজিট, পানিবণ্টনসহ ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আসন্ন ঢাকা সফরের সময় কোন কোন চুক্তি সই হবে, তা আগামী সপ্তাহে জানা যাবে। এ বিষয়গুলো চূড়ান্ত করার জন্য দুই দেশের কর্মকর্তারা কাজ করছেন।
আগামী ৬ সেপ্টেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসছেন মনমোহন সিং।
সূত্র:প্রথমআলো.কম, 20.08.2011

No comments:

Post a Comment