Saturday, August 27, 2011

স্বরাষ্ট্রমন্ত্রীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় এজাহার

আইনজীবী এম ইউ আহমেদ পুলিশের নির্যাতনে অসুস্থ হয়ে মারা গেছেন। এই অভিযোগ এনে গতকাল শুক্রবার রাতে রমনা থানায় মামলার জন্য এজাহার দিয়েছেন তাঁর স্ত্রী সেলিনা আহমেদ। তাতে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনসহ ছয়জনকে আসামি করা হয়েছে।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অনুপস্থিতিতে এজাহারটি গ্রহণ করেন অপারেশন কর্মকর্তা আলতাফ হোসেন। রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এজাহারটি মামলা হিসেবে নথিভুক্ত হয়নি।


রাত সোয়া ১১টায় অপারেশন কর্মকর্তা আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমরা অভিযোগটি গ্রহণ করেছি। এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
এজাহারে বাকি আসামিরা হলেন: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, স্বরাষ্ট্রসচিব, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, গোয়েন্দা পুলিশের উপকমিশনার (ডিসি-ডিবি) ও শাহবাগ থানার ওসি।
গতকাল রাত সাড়ে ১০টার দিকে সেলিনা আহমেদের সই করা এজাহারটি থানায় গিয়ে জমা দেন তাঁর আত্মীয় আইনজীবী মইনুল হক। এ সময় বিএনপি-সমর্থিত বেশ কয়েকজন আইনজীবীও উপস্থিত ছিলেন।
এজাহারে সেলিনা আহমেদ অভিযোগ করেন, ‘আমার স্বামী সুপ্রিম কোর্টের কথিত ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। এমনকি ওই দিন তিনি সুপ্রিম কোর্টে যাননি। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের নির্দেশে, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের প্ররোচনায় এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে আমার স্বামীকে গ্রেপ্তারকারী ডিবির সদস্যরা নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে।’ 
এজাহারে বলা হয়, গত ১১ আগস্ট রাত দুইটার দিকে ডিবি পরিচয়ধারী ২৫-৩০ জন সশস্ত্র ব্যক্তি সেগুনবাগিচার বাসায় জোর করে প্রবেশ করে। তারা শয়নকক্ষ থেকে এম ইউ আহমেদকে কিল-ঘুষি মারতে মারতে টেনেহিঁচড়ে নিয়ে যায়। পরদিন সকালে সেলিনা আহমেদ জানতে পারেন, তাঁর স্বামীকে গুরুতর অসুস্থ অবস্থায় জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে ভর্তি করিয়েছে পুলিশ। তিনি দ্রুত হাসপাতালে গিয়ে স্বামীকে অচেতন অবস্থায় দেখতে পান।
এজাহারে আরও বলা হয়, সেলিনা আহমেদ হাসপাতালে গিয়ে জানতে পারেন, পুলিশ তাঁর স্বামীকে প্রথমে ডিবি অফিসে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন ও শরীরের স্পর্শকাতর অঙ্গে আঘাত করে। অজ্ঞান হয়ে পড়লে পুলিশ তাঁকে হাসপাতালে নেয়।
এজাহারে সেলিনা আহমেদ দাবি করেন, তাঁর স্বামী সুস্থ ও সবল ছিলেন। গ্রেপ্তারের সময়ও সুস্থ ছিলেন। হাসপাতালে একপর্যায়ে জ্ঞান ফিরলে এম ইউ আহমেদ তাঁর নির্যাতনের কথা সেলিনাকে জানান।


From:prothomalo.com,27.08.2011

No comments:

Post a Comment